বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাস্তবায়নাধীন ‘রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্প’র কাজ। প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আজ শনিবার (১৪ আগস্ট) বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিক জানায়, বিসিকের বাস্তবায়নাধীন এই প্রকল্পটি রাজশাহী অঞ্চলের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একটি বিশেষায়িত শিল্পনগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।
প্রকল্পটি রাজশাহী জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকায় ৫০ একর জায়গার উপর বাস্তবায়িত হচ্ছে।
এ ব্যাপার রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী হায়দার আলী জানিয়েছেন, ইতোমধ্যে ভূমি উন্নয়ন কাজ, বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। ড্রেনসহ অন্যান্য স্থাপনা ও অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে। রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। এর মধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন ব্যয় ১০৫ কোটি টাকা। বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সকল অবকাঠামো নির্মাণ, রাস্তা, ড্রেন, কালর্ভাট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন সংযোগ, সীমানা প্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষণের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হচ্ছে। প্রকল্পের নির্দিষ্ট সময় ডিসেম্বর ২০২১ মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক।
সানবিডি/এনজে