তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী শহর ঘিরে ফেলেছে। সকাল থেকে কাবুলের বিভিন্ন প্রবেশ পথ দিয়ে শহরে ঢুকতে শুরু করে তালেবানের সশস্ত্র যোদ্ধারা। এমন প্রেক্ষাপটে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন আশরাফ ঘানি। তার পদত্যাগের খবর সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, কাবুলে হামলা হবে না, এই শর্তে তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে।
প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে আফগান আশরাফ ঘানি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আলী আহমদ জালালী। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।৮১ বছর বয়সী এই আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আলী আহমদ জালালী যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ (অ্যাকাডেমিশিয়ান)। তিনি জার্মানির সাবেক রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আলী আহমদ জালালী আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন। ২০০৩ সালে তিনি আফগানিস্তানে ফেরেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালে তাকে পুনরায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই পদে তিনি ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
জালালী আফগানিস্তানের সেনাবাহিনীর সাবেক কর্নেল। দেশটিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) হানা দেওয়ার পর পাকিস্তানের পেশোয়ারভিত্তিক প্রতিরোধ আন্দোলনে বাহিনীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আরএইচ