আ.লীগ নেতা এমএ আজিজ আর নেই

প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৬:০৭:০৯


Azizsm1-290x160ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ মারা গেছেন। (ইন্না লিল্লাহে…রাজেউন) শনিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ঢামেকের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. গাফ্ফার আমিন জানিয়েছেন, তিনি অনেকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। সকালে বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে আওয়ামী লীগ পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। দুপুর থেকে ঢামেক প্রাঙ্গণে জড়ো হন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়াও তার রাজনৈতিক সহকর্মী, সতীর্থ, অনুসারি, ভক্ত ও গুণগ্রাহীরাও ছুটে গেছেন ঢামেকে।

এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংসদ হাজী সেলিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডিএসসিসির মেয়র সাঈদ খোকন, সাংসদ সাবের হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্নস্তরের নেতারা হাসপতালে তাকে দেখার জন্য ছুটে আসেন।

এদিকে দুপুর ২টার দিকে ঢামেক থেকে এমএ আজিজের মরদেহ নেয়া হয়েছে লালবাগ নাজিম উদ্দিন রোডস্থ ৩১, হোসনি দালানের বাড়িতে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টায় এমএ আজিজের বাসায় যাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বাদ মাগরিব বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রয়াত এমএ আজিজ মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে স্থানীয় ওয়ার্ড কমিশনার ওমর বিন আব্দুল আজিজ তামিম। অপর দুই ছেলে এখনো পড়ালেখা করছেন।

উল্লেখ্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ডিসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মহানগর আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেন এমএ আজিজ। তিনি অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন এতদিন। তার রাজনৈতিক নিষ্ঠা ও ত্যাগ দলীয় কর্মীদের মধ্যে তার বিপুল গ্রহণযোগ্যতা তৈরি করে। এমনকি শেখ হাসিনার আস্থাভাজনদের অন্যতম ছিলেন এ প্রবীণ রাজনীতিক।

সানবিডি/ঢাকা/আহো