‘দেশের বিচার ব্যবস্থা বিশ্বের রোল মডেল হবে’
প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৬:৪৩:৪৩

সংশ্লিষ্ট সবার সহযোগীতায় দেশের বিচার ব্যবস্থা বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আর এ জন্য সবাইকে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিচার অঙ্গনের গৌরবময় ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
তার মতে, সরকার, বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী জনগন তথা দেশবাসীর পূর্ণ সহযোগীতা পেলে বিদ্যমান মামলাজট দ্রুত নিরসন এবং বিচারপ্রার্থী জনগনের স্বল্প খরচে স্বল্প সময়ে, গুনগত বিচার পাওয়া সম্ভব হবে।
বাংলাদেশের ২১ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা এক বাণীতে তিনি এ কথা বলেন। ওই বাণীতে তিনি দেশের সকল আদালতে চলমান মামলা জট নিরসন ও মামলা-মোকদ্দমা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে বিচারকদের শুন্যপদ পূরণ, অবকাঠামোগত সুবিধাদি বৃদ্ধি, আদালতের কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার নিশ্চিতকরণে গৃহিত পদক্ষেপ তুলে ধরেন।
এছাড়াও বিচার বিভাগের ডিজিটালাইজেশন, মামলা ব্যবস্থাপনা, আদালত সংস্কার, বিচারকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে নেওয়া পদক্ষেপ বিষয়ে তথ্য তুলে ধরেন। প্রধান বিচারপতি বলেন, মামলা ব্যবস্থাপনায় সংস্কার এবং দক্ষ সেবাদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে উচ্চ আদালত পুরোপুরি ডিজিটাইজেশন প্রক্রিয়ায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে অধস্তন আদালতসমূহে প্রায় তিন শতাধিক কম্পিউটার ও দুই শতাধিক ট্যাব বিতরণ হয়েছে এবং এ ধারা অব্যাহত রয়েছে বলে জানান প্রধান বিচারপতি।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













