বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশমুখে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হওয়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে বন্দর সূত্রে জনা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।
তিনি বলেন, ভারত অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশপথে (জিরো পয়েন্ট এলাকায়) আমদানিকৃত পাথরবোঝাই একটি ট্রাক বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই ব্যবসায়ীদের এই ধরনের সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি।
এর আগে গত রোববার (১৫ আগস্ট) সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সেদিন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, রোববার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
অপরদিকে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস, সে কারণে ভারতীয় রপ্তানিকারকরা কোনো পণ্য রপ্তানি বা আমদানি না করার ঘোষণা দেওয়ায় বন্দরের আমদানি রপ্তানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এরপর সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকেপড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আরএইচ