বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলার জেরে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি শেখ সাইয়েদ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মান্না বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এর আগে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বোনের বাসা থেকে প্রশাসনের লোক পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে নিয়ে যায় বলে দাবি করে তার পরিবারের সদস্যরা। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছিলেন কাউন্সিলর মান্নার বড় বোন কানিজ ফাতেমা।
তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে তার বাসায় একদল সাদা পোশাকধারী লোক এসে মান্নাকে নিয়ে যায়। তখন তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক বলে জানায়। মান্নাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা বরিশালের থানায় যোগাযোগের জন্য বলেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর মান্নার গ্রেপ্তারের বিষয়ে এখনও কেউ আমাদের অবগত করেনি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
বুধবার ঘটনার দিন ও পরের দিন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু ও বরিশাল জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবুসহ ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার দুপুর পর্যন্ত অভিযানে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হামলার ঘটনায় মোট ২২ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
আরএইচ