
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কোষাধ্যক্ষ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন ও বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
গত বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে আগামী ৩ বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেছেন। গত ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হয়েছে। ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জ শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ডা. মো আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমবারও যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আর্থিক শৃংখলা আনার চেষ্টা করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে আমাদের জায়গা থেকে নিরন্তর চেষ্টা করবো। আমার উপর প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা ঠিক মতো পালন করার চেষ্টা করবো”
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রশান্ত মজুমদার জানান, নবনিযুক্ত কোষাধ্যক্ষ সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি এই বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। নবনিযুক্ত কোষাধ্যক্ষকে বিএসএমএমইউ’র বিভিন্ন বিভাগ ও অফিসের পক্ষ থেকে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এএ