দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬)।
স্থানীয়রা জানান, বিকেলে উপশহরের ৮নং ফুটবল মাঠে ফুটবল খেলছিলেন কিশোররা। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, আহত আরও দু’জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আরএইচ