
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের লাইব্রেরি কক্ষে এ কর্নারের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
তিনি বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু বাঙালির জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছিলেন বলেই আজ আপনি-আমি সবাই এ পর্যায়ে আসতে পেরেছি। বঙ্গবন্ধু আকাশের মতো উদার হৃদয়ের অধিকারী ছিলেন।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা শুধু দেশীয় বিপথগামী কিছু সেনা আর কিছু বেঈমানের ষড়যন্ত্রের শিকার হননি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে যেকোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা পড়ার আহ্বান জানান।
তিনি বলেন, জাতির পিতার জীবনী পড়লে আপনারা জানতে পারবেন বঙ্গবন্ধু সারা জীবন কত কষ্ট করেছেন। কত ত্যাগ স্বীকার করে এ জাতির মুক্তি এনে দিয়েছেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, সাকিউন নাহার বেগম, ড. সেলিনা আকতার এবং যুগ্ম সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এএ