বিএনপি-জামায়াতের মাঠে আসার সাহস নেই – নৌপরিবহন মন্ত্রী
আপডেট: ২০১৬-০১-২৪ ১৯:৪৫:৫১

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষ যখন অপরাধ করে সেই অপরাধের যখন প্রতিক্রিয়া হয় তখন তারা নিঃশ্চুপ হয়ে যায়। তেমনি বিএনপি-জামায়াত এখন রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে।
আজ রবিবার দুপুরে মাদারীপুর শহরের ইউআই সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রায় ২০০ জনের মতো পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা সদস্যদের প্রতীকী বিচার আমরা করবো। ২৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কারণে ২৬ মার্চ আমরা সোহরাওয়ার্দী উদ্যান পাবো না। তাই আমাদের কর্মসূচি ৩১ মার্চ নির্ধারণ করেছি। শুধু বিচার নয় আমাদের হিস্যা আমরা দাবি করবো।
তিনি বলেন, ১৯৭০ সালে প্রলংকারী ঘূর্ণিঝড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড হয়েছিল। বিশ্বের বহুদেশ আমাদের সাহায্য ও সহযোগিতা করেছিল। এমনকি নগদ অর্থ দিয়ে সাহায্য করেছিল। সেই টাকা ও সাহায্য করাচির হাবিব ব্যাংকে জমা রয়েছে। আবিলম্বে সে টাকা আমরা ফেরত চাই।
শাজাহান খান বলেন, ২০১৩-১৪ সালের বিএনপি ও জামায়াত অন্যায়ভাবে মানুষ হত্যার পাশাপাশি শেখ হাসিনাকে উৎখাত করার জন তাণ্ডব চালিয়েছিল । যখন দেখল এতেও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না, তখন তারা রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে। আর মানুষের কাছে বিএনপি ও জামায়াতের এ প্রশ্নের জবাব দেবার ভাষা নেই। তাই তারা নিঃশ্চুপ হয়ে গেছে।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













