কোতয়ালীতে ওষুধের ডিপো সিলগালা, জরিমানা

প্রকাশ: ২০১৬-০১-২৫ ১৫:৫৩:১৪


ঔষখচট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার রেলওয়ে পুরাতন স্টেশন রোড এলাকায় একটি ওষুধের ডিপোতে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ব্যবসা, মেয়াদ উত্তীর্ণ ও নকল ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ‍অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, এর আগে বিভিন্ন সময় ফুটপাতে নকল ওষুধের বিরুদ্ধে অভিযান চালানো হলেও, ওই ওষুধ গুলোর উৎস জানা ছিলোনা। আজ পুরাতন স্টেশন রোড এলাকার ফলমুন্ডির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ফেনী দাওয়খানা নামের একটি ওষুধের ডিপোতে নকল ওষুধের মজুদ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটি পাঁচ বছর যাবত কোন প্রকার ডিপো-লাইসেন্স ছাড়াই ব্যবসা করেছে। ডিপোটিতে যেসব ওষুধ পাওয়া গেছে সেগুলোর অধিকাংশই মেয়াদউত্তীর্ণ। এসময় লাইসেন্স বিহীন ওষুধ উৎপাদনের পাশাপাশি নকল কোম্পানির ওষুধও পাওয়া গেছে। এছাড়া ৩৩ বোতল মধু পাওয়া গেছে, যেগুলোর মেয়াদ শেষ হয়েছে ২০১৫ সালে।

তবে আবারো বিক্রির জন্য নতুন ভাবে মোরকজাত করা হচ্ছিল। এসময় ঔষধ আইন ১৯৪০ ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ডিপোটি সিলগালা করা হয়।

সানবিডি/ঢাকা/আহো