
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকারের নির্মম শাসনে এবং স্বেচ্ছাচারী কর্মকাণ্ড যখন দেশবাসী চরম হতাশ, তখন সরকার আরো বেপরোয়া হয়ে জনগণ ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের দমাতে হিংস্র হয়ে উঠেছে।’
তিনি বলেন, এ কারণেই বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন করা হচ্ছে। হত্যা, গুম, অপহরণ এবং আতঙ্ক সৃষ্টি করে গোটা রাষ্ট্রকে এক ভয়াল নগরীতে পরিণত করা হয়েছে। সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নোয়াখালী জেলার সেনবাগে বিএনপি নেতা শহীদুল্লাহ, আনোয়ারুল্লাহ বাহার, মজিবুর রহমান, এমাম হোসেন, বেলাল হোসেন, সেনবাগ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং সেনবাগ পৌর যুবদল নেতা এনায়েত হোসেন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা ভোটারবিহীন অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। এর লক্ষ্যই হচ্ছে বিরোধীদলের নেতা-কর্মীরা যেন বর্তমান শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারে।’ তিনি অবিলম্বে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের নি:শর্ত মুক্তির দাবি জানান।
সানবিডি/ঢাকা/আহো