
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপকের কাছে জামায়াতে মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) পরিচয়ে পরিবারের সদস্যকে অপহরণের হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় নিরাপত্তা চেয়ে ওই অধ্যাপক সাধারণ ডায়েরি করেন। পরে মঙ্গলবার দুপুরে আবারও ওই শিক্ষককে একই মুঠোফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়।
হুমকি পাওয়া ওই শিক্ষক হলেন-বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক হাসান পারভেজ।
হুমকির বিষয়ে অধ্যাপক হাসান পারভেজ সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ‘সোমবার দুপুর ২টা ৫০মিনিটে একটি মুঠোফোন নম্বর থেকে (০১৮২০১৪৩৯৪৪) জেএমবি পরিচয়ে একটি ফোন আসে। তারা আমার পরিবারে যে কোন একজনকে অপহরণের হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে দারকষাকষির এক পর্যায়ে ১০ হাজার টাকা দিতে বলে। আমি বলেছি, আমার কাছে আজকে টাকা নেই আগামীকাল (মঙ্গলবার) দিবো।’
তিনি আরও উল্লেখ করেন, ‘টাকা কোথায় দিতে হবে তা আগামীকাল (মঙ্গলবার) জানাবে। তারা আনুমানিক বেলা ১১ টায় টাকা দিতে বলেছে।’
মঙ্গলবার দুপুরে হুমকি পাওয়া ওই অধ্যাপক বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টার দিকে আবারও একই মুঠোফোন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয়। আমি তাদেরকে সামনে এসে টাকা নিয়ে যেতে বললে তারা বিভিন্ন কথা বলে ফোন রেখে দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘ওই শিক্ষক জিডির একটি কপি প্রক্টর দফতরেরও দিয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।
সানবিডি/ঢাকা/রাআ