
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফরিদপুরের চরের উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। চরের প্রত্যেক ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। চর বা ডাঙ্গা বলে কোনো শব্দ থাকবে না। আমরা সবাই ফরিদপুরবাসী।’
শুক্রবার বিকেলে মন্ত্রী ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন চরে বসবাসকারী ৫০০ পরিবারের মাঝে সৌরবিদ্যুৎ সামগ্রী প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।
বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে মন্ত্রী আরো বলেন, ফরিদপুরকে বিভাগ ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
অনুষ্ঠানে মন্ত্রী ফরিদপুরকে সম্পূর্ণরূপে চাঁদাবাজমুক্ত রাখার ঘোষণা দেন।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস