
গত ৬ মাসে ২০ হাজার বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্য গৃহকর্মীও রয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজকে এ কথা জানিয়েছেন সেখানে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ। আজ শনিবার সংবাদ মাধ্যমটিতে এ খবর প্রকাশ করা হয়েছে।
গোলাম মসীহ বলেন, সৌদি আরবে কাজ করতে চান এমন ৩৫ হাজারেরও বেশি মানুষকে ভিসা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এখন ১৩ লাখ।
গৃহস্থালির কাজে লোক নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ ও সৌদি আরব দুই পাশেই বেশ বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বলে স্বীকার করেন এ রাষ্ট্রদূত। তিনি বলেন, জটিল সব সমস্যা থাকা সত্ত্বেও মাত্র ৬ মাসে বাংলাদেশ থেকে ২০ হাজার গৃহকর্মী গিয়েছেন সৌদি আরবে।
গোলাম মসীহ বলেন, সৌদি আরবের শ্রমমন্ত্রী মুফ্রেজ আল হাকাবানির সঙ্গে ৩১ ডিসেম্বর তার বৈঠক হয়। ওই সময় দুই পক্ষই গৃহকর্মী নিয়োগের বিষয়ে একমত হন। ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে সম্মত হয় সৌদি আরব। এ সময়ে তারা দক্ষ গৃহকর্মীর জন্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে একমত হন।
সানবিডি/ঢাকা/আহো