
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্ত করার জন্যই সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করায় দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে আন্দোলন করে স্বতন্ত্র পে-স্কেল , টাইমস্কেল, সিলেকশন গ্রেড এর জন্য।
শিক্ষকরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের টানা নয় দিন ধরে চলা লাগাতার কর্মসূচি পালন করার ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস-পরীক্ষা কিছুই অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পরে এজন্যই শিক্ষকরা সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেয়া শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানা আজ ১১টায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেন। কেন তিনি ছুটির দিনে ক্লাস নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতেই ছুটির দিনে ক্লাস নিচ্ছি। আমি সমিতির সভাপতি, তাই আমি যদি ছুটির দিনে ক্লাস নেই তাহলে অন্যান্য স্যাররাও উৎসাহ পাবে। এছাড়া বাংলা বিভাগেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুজ্জামান শেখ জাবিদ বলেন, স্যারদের এরকম সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।আরেক শিক্ষার্থী রাহিম রুবেল জানান, শিক্ষকদের এমন মহৎ উদ্যোগ আমাদের সেশনজটকে অনেকাংশে লাঘব করবে।
সানবিডি/ঢাকা/রাআ