সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে আগামী বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ২৮ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বছরের জন্য এ তেল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১৫ হাজার ৯৪ কোটি ১০ লাখ টাকা।
আজ সোমবার (২০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত সচিব জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ২০২২ সালে এডিএনওসি (ADNOC), আবুধাবি এবং সৌদি আরবের সৌদি এ্যারামকো থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সাত হাজার ৪৬৭ কোটি ছয় লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, এছাড়া বিপিসিকে ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য সিঙ্গাপুরের প্যাকেজ-এ’তে পেট্রো চায়না ইন্টারন্যাশনাল, প্যাকেজ-বি, ডি ও ই’তে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং প্যাকেজ-সি’তে সিঙ্গাপুরের ভিটো এশিয়া পিটিই লিমিটেড থেকে মোট ১২ লাখ ৯০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সাত হাজার ৬২৭ কোটি চার লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে