আগামী ৩ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি বহন বন্ধ ঘোষণা করা হয়েছে।আজ বুধবার বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা বিভাগীয় সেক্রেটারি শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে শেখ ফরহাদ বলেন, ‘ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করেছে। ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরির ভাড়া বাড়েনি। অথচ বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রীয় সভায় আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি বহন বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এদিকে, খুলনা বিভাগীয় কমিটির সভায় বলা হয়, ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই ট্যাংকলরির চ্যাসিস, ট্যাংকার, আয়কর বৃদ্ধি (৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা), খুচরা যন্ত্রাংশসহ ড্রাইভারের বেতন কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে। তখন থেকেই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের বারবার পত্র দেওয়া হলেও ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি।
সানবিডি/এনজে