
আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে ইছমতি নদীতে বাংলাদেশী রাখালের মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার শীবনগর এলাকার মৃত বাবুরালীর পুত্র আলী বাদশাহ। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধায় বাড়ি হতে প্রতিদিনের ন্যায় টাউনশ্রীপুর বাজারে যায়।
এ সময় তাকে স্থানীয় খাটাল মালিক ও ব্যাবসায়ীরা কৌশলে দেবহাটা সীমান্ত নদী পার হয়ে ভারতে গরু আনার জন্য পাঠায়। কিন্তু তারা ভারত সীমান্তে পৌছালে বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় তার সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে কোন ভাবে রক্ষা পেলেও আলী বাদশাহ আটকে পড়েন তাদের হাতে।
তাকে শারীরিক ভাবে নির্যাতন শেষে ইছামতি নদীর মাঝখানে ফেলে দিয়ে যায়। সেই থেকে আলী বাদশাহ সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ থাকে।সোমবার দুপুরে টাউনশ্রীপুর সুইচ গেইট নামক স্থানে আলী বাদশাহর লাশ ভাসতে দেখে বিজিবি সদস্যদের খবর দেওয়া হয়।
এ ব্যাপারে ৩৪ বিজিবির টাউন শ্রীপুর কোম্পানি সদরের নায়েক সুবেদার জানান, অবৈধভাবে সীমান্তে গরু পারাপার নিষিদ্ধ। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে গেলে তো দুর্ঘটনা ঘটবে।
পরে লাশটি উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসা হয়এবং ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়।
সানবিডি/ঢাকা/রাআ