
বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩১ জানুয়ারি) তাকে আগাম জামিন না দিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন নকীব সাইফুল ইসলাম। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন আসিফ হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, অবৈধ নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের নামে গেল বছরের ২৫ নভেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর আগে ২০২০ সালের ৭ অক্টোবর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়।
এ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তাকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এএ