মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর কুড়িগ্রাম-রমনা রেলপথে আবারও ট্রেন চালু করলো রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টায় রমনা বাজার স্টেশনে চিলমারী কমিউটার নামে ওই ট্রেনের ফিতা কেটে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, অতিরিক্ত সচিব (অব.) বদরুল আলম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, বিভাগীয় যন্ত্র প্রকৌশল (লোকো) শাহিনুর আলম অপু, বিভাগীয় যন্ত্র প্রকৌশল ক্যারেজ এহতেসাম মোহাম্মদ সফিক, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট মো. আবু তাহের, সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা গেছে, করোনা প্রকোপ দেখা দেওয়ায় ২০২০ সালের মার্চ মাসে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। সে সময় পার্বতীপুরগামী একমাত্র রমনা লোকাল ট্রেনটিও বন্ধ করে দেওয়া হয়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লোকোমাস্টার ও ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটের অজুহাতে ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। অবশেষে মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে কমিউটার নামে একটি ট্রেন চালু হলো।
চিলমারী কমিউটার নামের এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে।
সানবিডি/এনজে