ইউক্রেনে রাশিয়ার চলমান ভয়া্বহ আগ্রাসনকে কেন্দ্র করে পশ্চিমাদেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা ছাড়াও সম্পদ জব্দের কৌশল নিয়েছে। সেই তালিকায় যুক্ত রয়েছে জাপানও। যুক্তরাষ্ট্রসহ অন্যান্যদের মতো মস্কোর ওপর আরও কঠোর নিষেধাঞ্জা জারি করতে যাচ্ছে টোকিও। নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার নেতাদের ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করবে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এবার জাপান রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রমসভিয়াজব্যাঙ্ক ও ভেনেশেকোনমব্যাঙ্কের সম্পদ জব্দ করবে।
এর আগে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয় জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা। এছাড়া ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে তৃতীয় দফা নিষেধাজ্ঞা নির্ধারণ করার প্রক্রিয়া চলছে।
ইউক্রেন আক্রমণ ও তার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিষেধাজ্ঞার ধাক্কা টের পেতে শুরু করেছে রাশিয়া। বৈশ্বিক ব্যাংকিং পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ পড়ার পরপরই দেশটির মুদ্রা রুবলের রেকর্ড দরপতন হয়েছে। আর সেই ধাক্কা সামলাতে সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়াতে বাধ্য হয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক।
সানবিডি/এনজে