দেশে শিশুদের প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং যত্ন প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে সার্বিক বিকাশ, নিরাপত্তা ও সুরক্ষা এবং মৃত্যুঝুঁকি কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২৭১ কোটি টাকা ব্যয়ে ইনটিগ্রেটেড ‘কমিউনিটি বেইজড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন অ্যান্ড সুইম- সেইফ ফেসিলিটিজ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সমাজভিত্তিক শিশু যত্নকেন্দ্র স্থাপন ও শিশুদের সাঁতার শেখানোসহ অভিভাবকদের সচেতন করা হবে এই প্রকল্পের মাধ্যমে; যা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়নের মধ্যেমে সারাদেশের ১৬টি জেলার ৪৫টি উপজেলায় ৮ হাজারটি শিশু-যত্ন কেন্দ্র পরিচালনা করা হবে।
এ ব্যাপারে জানা গেছে, প্রকল্প ব্যয়ের মোট ২৭১ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকার মধ্যে ব্লুমবার্গ ফিলানথ্রোপিজ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট, যুক্তরাজ্যের অনুদান রয়েছে ৫৪ কোটি ২০ লাখ ৭৩ হাজার টাকা। বাকি ২১৭ কোটি ৬১ লাখ ৮৪ হাজার টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেবে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ শিশু একাডেমি প্রকল্পটি বাস্তবায়ন করবে। সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিশুর বিকাশ, শিক্ষা ও যত্ন নিশ্চিত হবে। এতে গ্রাম ইউনিয়ন পর্যায়ের শিশুরা উপকৃত হবে, সুবিধা পাবে।
সানবিডি/এনজে