চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থনৈতিক বিপর্যয়ের ক্ষতিকর প্রভাবে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠী বেশি ভুগবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ শঙ্কা প্রকাশ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।
এ বিষয়ে ডেভিড মালপাস বলেন ডেভিড মালপাস বলেন, ‘ইউক্রেন যুদ্ধ আমাদের একটি খারাপ সময়ের দিকে ধাবিত করছে। ইতোমধ্যেই বিশ্ব বাজারে মুদ্রাস্ফীতির হার বাড়তে শুরু করেছে। বাজার হয়ে উঠছে অস্থিতিশীল। এতে গরিব দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
বিশ্বব্যাংক প্রধান বলেন, ‘ইউক্রেন যুদ্ধ এমন এক খারাপ সময়ে এলো, যখন বিশ্ব আগে থেকেই মূল্যস্ফীতির সংকটে ছিল।’
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক ও সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করছেন ডেভিড মালপাস। এছাড়া আরও অনেকের জীবন হুমকির মুখে পড়ছে। এত মানুষের মৃত্যুর বিষয়টিই সবচেয়ে বড় চিন্তার কারণ জানিয়ে মালপাস বলেন, এটা স্বাভাবিকভাবে নেওয়া যাচ্ছে না।
মালপাস বলেন, ‘যুদ্ধ শুধু রাশিয়া ও ইউক্রেনের মাধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর অর্থনৈতিক ক্ষতির প্রভাব ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ, মুদ্রাস্ফীতির ভারে তাদের জীবন জর্জরিত হয়ে যাবে।’
বিশেষ করে বিশ্বের অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর দরিদ্র সম্প্রদায়ের খাদ্যের চাহিদা মেটাতেই হিমশিম খেতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন মালপাস।
সানবিডি/ এনজে