
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়।’
বুধবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জবাবে একথা বলেন তিনি।
বিএনপি এদেশে ভালো যা কিছু অর্জন করেছিল তা নাকি সরকার ধ্বংস করে দিয়েছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে? এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাগ্য উন্নয়নে বিএনপির অবদান কী? আসলে তাদের কোন অর্জনই নেই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি'র রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ধ গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির রাজনীতি। বিএনপি'র শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবনের আধিপত্য এবং দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনো ভুলে যায়নি বলেও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের।
সরকার ক্ষমতায় থাকলে নাকি দেশের অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের মানুষের ভাষার অধিকার, স্বাধীনতা, মুক্তি, ভাত ও ভোটের অধিকার এবং অর্থনৈতিক অগ্রগতি সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, রেলপথ, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌ যোগাযোগসহ সকল খাতেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘যার ফলে এক সময়ের মঙ্গা, খরা, দুর্যোগ- দুর্ভিক্ষ কবলিত ও দারিদ্রপীড়িত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।’
বিএনপি আজ যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং যাবেই বলেও মনে করেন ওবায়দুল কাদের। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপি তার কথামালার চাতুরী দিয়ে কখনো ঠেকাতে পারবে না।