
দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২২ কোটি ডোজ দেওয়া হয়েছে। টিকাদানে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম অবস্থানে আছে।
শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই। টিকাদান কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ইতোমধ্যে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। সাড়ে ১২ কোটি প্রথম ডোজ; সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ। বিশেষ ক্যাম্পেইনে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে টিকাদানে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে পৌঁছেছে।’
মন্ত্রী বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টারে জোর দেওয়া হবে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে। কয়েক দিনের মধ্যে এ কর্মসূচি শুরু হবে। সরকারের টিকা কিনতে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দেশে টিকার কোনো অভাব নেই।’