
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯৮ জন। শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে।
শনিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।
২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই পুরুষ। এর মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী ও একজন বরিশাল বিভাগের।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।