ইতালির পুলিশ দেশটির জলসীমায় থাকা রাশিয়ার আরও একটি বিলাসবহুল প্রমোদতরি (সুপার ইয়ট) জব্দ করেছে । এর আগে মার্চের প্রথম সপ্তাহে রাশিয়ার দুই ধনকুবেরের মালিকানাধীন আরও দুটি বিলাসবহুল প্রমোদতরি জব্দ করেছিল ইতালি। খবর রয়টার্সের
এ ব্যাপারে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরু করায় চলমান নিষেধাজ্ঞার আওতায় কয়েক দিন আগে আস্তে ইগোরেভিচ মেলনিচেঙ্কোকে কালো তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর অংশ হিসেবে এই ব্যবসায়ীর মালিকানাধীন সুপার ইয়টটি জব্দ করে ইতালির পুলিশ।
প্রায় ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার মূল্যের ও ১৪৩ মিটার লম্বা পালতোলা প্রমোদতরিটিকে বিশ্বের সবচেয়ে বড় পালতোলা ইয়ট হিসেবে মনে করা হয়। গত শুক্রবার ইতালির শহর ট্রিয়েস্টের একটি বন্দর থেকে এটিকে জব্দ করা হয়।
প্রমোদতরিটি রাশিয়ার প্রধান সার উৎপাদনকারী কোম্পানি ইউরোচেম গ্রুপের মালিক আন্দ্রে ইগোরেভিচ মেলনিচেঙ্কোর। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউরোচেম গ্রুপ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের বোর্ডের সদস্য থেকে পদত্যাগ করেছেন মেলনিচেঙ্কো। ইউক্রেনের দুঃখজনক ঘটনার সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে ইইউর নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়তে মেলনিচেঙ্কো আদালতে যাবেন বলে জানিয়েছে ইউরোচেম গ্রুপ।
এর আগে গত সপ্তাহে ইতালির ইমপেরিয়ার বন্দরে রাশিয়ার দুই ধনকুবেরের আরও দুটি বিলাসবহুল প্রমোদতরি (সুপার ইয়ট) বাজেয়াপ্ত করে ইতালি। জব্দ হওয়া প্রমোদতরি দুটির মধ্যে একটির মালিক রাশিয়ার শীর্ষ ধনী ও ইস্পাত খাতের ব্যবসায়ী আলেক্সি মোর্দাশভ। জব্দ হওয়া অপর প্রমোদতরিটির মালিক গেনাডি টিমচেঙ্কো তেল ব্যবসার সঙ্গে যুক্ত।
অন্যদিকে ইইউর অপর শক্তিশালী দেশ ফ্রান্সের জলসীমায়ও রাশিয়ার প্রমোদতরি জব্দের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ‘আমোর ভেরো’ নামে একটি প্রমোদতরিকে আটক করে ফ্রান্স। রাশিয়ার ধনকুবের ও দেশটির জ্বালানি খাতের রাষ্ট্রীয় কোম্পানি রোসনেফটের প্রধান ইগর সেচিন এটির মালিক।
সানবিডি/এনজে