
ভোলার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে একটি গোডাউন থেকে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকা থেকে এ তেল জব্দ করা হয়। এ সময় ডিলার রাশেদুল আমিনকে জরিমানা ও গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ মার্চ) রাতে ভোলা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. মোস্তফা সোহেল জানান, রোববার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। সেখানে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল মজুত করা ছিল। এ সময় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
তিনি আরও জানান, ডিলার রাশেদুর আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন।