
ময়মনসিংহের তারাকান্দায় টিউবওয়েলের পানি পারাপারের জন্য করা গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো একই এলাকার রুবেল মিয়ার ৪ বছরের মেয়ে রাইসা আক্তার ও রুবেলের চাচাতো ভাই খাদেমুল ইসলামের ৩ বছরের মেয়ে রোজা আক্তার। শিশুরা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো বোন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুদের পরিবারের বরাতে তিনি জানান, সকালে বাড়ির পাশে ওই দুই শিশু খেলা করছিল। এ সময় হঠাৎ টিউবওয়েলের পানি পারাপারের জন্য করা গর্তে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ওই নালায় শিশুদের মরদেহ দেখতে পায়।
ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’