নওগাঁর মান্দায় রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী দ্রুতগামী একটি বাসের চাপায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুস সাত্তার (৬০) ও খোরশেদ আলম সরদার (৪৫)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ও খোরশেদ আলম সরদার একই ইউনিয়নের বাংড়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আব্দুস সাত্তার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিটকাপড় বিক্রি করতেন।
এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে নওগাঁগামী দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস রাস্তা পারাপারের সময় পথচারী খোরশেদ সরদারকে চাপা দেয়। এসময় রাস্তার অপর পাশে থাকা আব্দুস সাত্তারের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সাত্তারের স্বজনেরা জানান, আব্দুস সাত্তার পেশায় ছিট কাপড়ের ব্যবসায়ী। একটি চার্জারভ্যানে গ্রামে গ্রামে ঘুরে ছিটকাপড় বিক্রি করেন। আজ মঙ্গলবার সকালে ভ্যানে কাপড় নিয়ে গ্রামে বিক্রি করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুর ১২টার দিকে চৌদ্দমাইল এলাকায় বাসের চাপায় মারা যান তিনি।
অন্যদিকে, নিহত খোরশেদ সরদারের চাচাতো ভাই সুরুত আলী জানান, তার ভাই খোরশেদ সরদার রাজশাহীর কেশরহাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। চৌদ্দমাইল মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাসের চাপায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটি দেলুয়াবাড়ি এলাকায় আটক করা হয়েছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি মামলা দায়েরের পর নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবার গুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এনজে