
ইউক্রেনীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক ও বাসিন্দাদের ৪ হাজার স্বজনকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী ক্রিস ফাফোই। মঙ্গলবার (১৫ মার্চ) এমন খবর জানিয়েছে বিবিসি।
অভিবাসনমন্ত্রী ক্রিস ফাফোই বলেন, ইউক্রেনীয়দের নিউজিল্যান্ডে আশ্রয় দিতে গত কয়েক দশকের মধ্যে আমরা সবচেয়ে বড় একটি বিশেষ ভিসা ক্যাটাগরি প্রতিষ্ঠা করেছি। বিশেষ এই প্রোগ্রামের মাধ্যমে ইউক্রেনের প্রায় ১ হাজার ৬০০ ইউক্রেনীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক ও বাসিন্দাদের পিতামাতা, দাদা-দাদি, প্রাপ্তবয়স্ক ভাইবোন কিংবা সন্তান এবং নিকটবর্তী পরিবারের সদস্যদের নিরাপদে নিউজিল্যান্ডে নেওয়ার জন্য তারা স্পন্সর করতে পারবেন।
তিনি আরও বলেন, এটি এক বছরের জন্য উন্মুক্ত থাকবে। আবেদনকারীদের মধ্যে যাদের আবেদন গৃহীত হবে, তাদের কাজের অনুমতিসহ দুই বছরের ভিসা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।