গত অর্থবছর বাংলাদেশের পণ্য রফতানির পরিমাণ ৩৮ বিলিয়ন ডলারের বেশি। এ রফতানির ৮১ শতাংশের বেশি পোশাক পণ্য। রফতানিতে পোশাক পণ্যের ওপর এখনো বড় নির্ভরতা রয়ে গেছে। দুই দশকের ব্যবধানে মোট রফতানিতে পোশাকের হিস্যা ৭৫ থেকে বেড়ে হয়েছে ৮১ শতাংশ। অন্যদিকে একই সময়ে পোশাক পণ্যবহির্ভূত বা নন-আরএমজি পণ্যের হিস্যা ২৪ দশমিক ৮৪ থেকে কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে।
এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০০০-০১ অর্থবছরে বাংলাদেশ থেকে রফতানি হয় ৪৮৬ কোটি ৫ লাখ ৬০ হাজার ডলারের পোশাক পণ্য। মোট রফতানিতে পোশাকের অংশ ছিল ৭৫ দশমিক ১৬ শতাংশ। একই সময়ে নন-আরএমজি পণ্য রফতানি ২০০০-০১ অর্থবছরে ছিল ১৬০ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলারের। মোট রফতানিতে অংশ ছিল ২৪ দশমিক ৮৪ শতাংশ।
সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে পোশাক রফতানি হয়েছে ৩ হাজার ১৪৫ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলারের। মোট রফতানিতে হিস্যা ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। নন-আরএমজি পণ্যের রফতানির অর্থমূল্য গত অর্থবছরে ছিল ৭৩০ কোটি ডলার। মোট রফতানিতে এর অংশ দাঁড়ায় ১৮ দশমিক ৮৪ শতাংশ।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি সংশ্লিষ্টরা বলছেন, শতকরা হিসাবে রফতানি খাতে বৈচিত্র্য আনার চিত্রটি স্পষ্ট হচ্ছে না। কারণ পোশাক খাতের রফতানির আকার ও প্রবৃদ্ধির গতি অনেক বেশি। পোশাকবহির্ভূত খাতগুলোর রফতানি বাড়লেও সেগুলোর ব্যাপ্তি পোশাকের তুলনায় অনেক কম। রফতানি খাতে এরই মধ্যে বৈচিত্র্য আসতে শুরু করেছে। কিন্তু এক্ষেত্রে সরকারের উদ্যোগগুলোর সুফল রাতারাতি পাওয়া যাবে না। এগুলো সময়সাপেক্ষ। তবে রফতানি বৈচিত্র্যকরণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। নীতিসুবিধা আদায়, প্রাপ্তি, কার্যকর হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে রফতানি খাতকে আরো বৈচিত্র্যময় করা যাবে।
ইপিবি সংশ্লিষ্টদের মতে, গত তিন অর্থবছরের রফতানি পর্যালোচনায় দেখা যাচ্ছে নন-আরএমজি পণ্যের অংশ ক্রমেই বাড়ছে। পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে পোশাকবহির্ভূত পণ্য বাড়ছে। কিন্তু পোশাকের রফতানি এত বেশি যে যখন শতকরা হারে দেখা হয় তখন অন্য খাতগুলোর অবদান চোখে পড়ার মতো মনে হয় না।
দেশের পণ্যভিত্তিক রফতানি পর্যালোচনায় দেখা যায়, আটটি পণ্য মোট রফতানির বৃহৎ অংশজুড়ে আছে। এসব পণ্যের মধ্যে আছে ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা এবং প্রকৌশল পণ্য। মোট রফতানির ৯৫ শতাংশের বেশি অবদান রাখছে এ পণ্যগুলো। পণ্যভিত্তিক রফতানির এ পরিসংখ্যানই বলছে, রফতানি বৈচিত্র্যকরণ উদ্যোগের প্রতিফলন সেভাবে নেই। বরং রফতানিতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। সম্ভাবনাময় হওয়ার পরও গতি পাচ্ছে না অন্যান্য খাতের রফতানি।
সানবিডি/এনজে