ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কবিরপুর বাজারে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কবিরপুর বাজারে অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল।
আদালতের বিচারক জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছে কিছু ব্যবসায়ী এমন খবরে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুণ্ডুর গুদামে প্রায় তিনশ ব্যারেল সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। যার পরিমাণ ৬১ হাজার লিটারের বেশি হবে।
এ ছাড়াও রাজু কুণ্ডু নামের আরেক ব্যবসায়ীর গুদামে ২০ ব্যারেল তেল মজুদ পান। যার পরিমাণ ৪ হাজার ৮০ লিটার। অতিরিক্ত মজুদ রাখার অপরাধে শংকর কুণ্ডকে ২০ হাজার ও রাজু কুণ্ডতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মজুদকৃত তেলের ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল। অভিযানে শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ এনজে