
পবিত্র শবেবরাত উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার (১৮ মার্চ) মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতি বছর শবেবরাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে প্রতি বছরের মতো এবারও সাদা পোশাকে র্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। পাশাপাশি সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল খান মোহাম্মদ কে এম আজাদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।