দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। শুক্রবার একদিনেই বন্দর দিয়ে সর্বোচ্চ ৭৭টি ট্রাকে ২ হাজার ১৭৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বন্দরসংশ্লিষ্টরা জানান, আমদানি বাড়ায় পণ্যটির দাম পাইকারিতে কেজিপ্রতি ২-৩ টাকা কমেছে। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২০-২৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৮-২৩ টাকায় নেমেছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর, নাসিক, গুজরাট ও নগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। ইন্দোর জাতের পেঁয়াজ একদিন আগে ২০ টাকা বিক্রি হলেও তা থেকে কমে ১৮ টাকায় নেমেছে। নাসিক, গুজরাট ও নগর জাতের পেঁয়াজ ২৬ থেকে কমে ২৩-২৪ টাকায় নেমেছে। একইভাবে খুচরা বাজারেও কমেছে দাম। ১৬-২০ টাকা দামের পেঁয়াজ ১৪-১৬ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানির ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে প্রতিদিনই দাম কমছে। এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি দিন দিন বাড়ছে। তবে এ-যাবত্কালের মধ্যে গতকাল একদিনে সর্বোচ্চ ৭৭টি ট্রাকে ২ হাজার ১৭৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সানবিডি/এনজে