
আসন্ন রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে আজ। টিসিবির কাছ থেকে ফ্যামিলি কার্ড দেখিয়ে এই খাদ্যপণ্য ক্রয় করা যাবে।
গত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। মন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দুই কিস্তিতে টিসিবির পণ্য বিক্রি হবে। প্রথম কিস্তির বিক্রি আজ শুরু হয়ে চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। দ্বিতীয় কিস্তি ৩ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
তিনি জানান, ইতোমধ্যে সারাদেশে সংশ্নিষ্ট পরিবারগুলোর তালিকা তৈরি করে তাদের ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি। তাদের মধ্যে বর্তমান নিয়ম অনুযায়ী ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।