দুই বাংলার মধ্যে সহজ যাতায়াতের লক্ষ্যে খুব শিগগির শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ঢাকার মধ্যে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস পথ চলা শুর করবে। ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের রেল কর্তৃপক্ষের তরফ থেকে ট্রেনের সময়সূচি ও ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা অতি দ্রুত এই ট্রেন সেবা চালুর দাবি জানিয়ে আসছেন। এর ফলে ভারতের উত্তরবঙ্গে পর্যটনের জোয়ার আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ভারতের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত রেল চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের সরকার। গত বছরই এই ট্রেন পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও সেসময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ায় তা স্থগিত হয়ে যায়।
কিন্তু তারপর থেকে করোনা সংক্রমণের কারণে এই ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ থমকে রয়েছে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের মাধ্যমে জানা গেছে। অবশেষে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আবারও ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস চালানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে দুদেশের সরকার।
তবে ভারতের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন ধরনের বিজ্ঞপ্তি জারি হয়নি। এমনিতেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রতিবছরই ভ্রমণে আসেন অনেক বাংলাদেশি। এখন চিকিৎসার প্রয়োজনে এবং উচ্চ শিক্ষার জন্যও বাংলাদেশ থেকে অনেকে শিলিড়িতে আসছেন।
এই ট্রেন পরিষেবা চালু হলে এ ধরনের মানুষের অনেকটাই সুবিধা হবে। প্রসঙ্গত আগে থেকেই ভারত-বাংলাদেশের মধ্যে দুটি ট্রেন চালু রয়েছে। একটি মৈত্রী এবং অন্যটি বন্ধন এক্সপ্রেস। তবে এরপর এ দুদেশের মধ্যে এটি হবে তৃতীয় যাত্রীবাহি ট্রেন।
মৈত্রি ও বন্ধন এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী প্রথম ট্রেনটি মিলাতি এক্সপ্রেসও সফল হবে বলে আশা দুদেশের।
হিমালয়ান হসপিটালিটি অব ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, প্রতিবছরই ভারত থেকে বাংলাদেশে প্রচুর ভারতীয় যায় এবং বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গে আসে। এই ট্রেন পরিষেবা চালু হলে তাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি প্রতিবছর উত্তরবঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স অঞ্চল এলাকায় ভ্রমণে আসে। তবে এক বছর ধরে শুনছি এই ট্রেন পরিষেবা চালু হবে তাই আমরা পর্যটন ব্যবসায়ীরা চাই খুব শিগগির ট্রেন যাত্রার দিন ঘোষণা করা হোক।
অন্যদিকে এপ্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, এখনো ভারতের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে আশা করছি খুব শিগগির ভারতীয় রেল এবং সংশ্লিষ্ট দপ্তর এই ট্রেনের যাত্রা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।
সানবিডি/এনজে