
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঠিকাদারি কাজের গাড়ির চাপায় শিক্ষক ও ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে শিবালয়ের আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা নাসরিন (৩৫) ও শিক্ষার্থী জেরিন তাসনিন (৭)।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। পরে আজ সোমবার সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। শিক্ষিকা ফাতেমাসহ আরও ৬ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মুন্নু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।
এদিকে স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী।