মানিকগঞ্জের শিবালয়ে পিকআপ ভ্যান চাপায় শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েকজন শিক্ষার্থী। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার টেপড়া দশচিড়া এলাকার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিম (৭) ও একই স্কুলের শিক্ষিকা ফাতেমা আক্তার (৩০)।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল প্রাঙ্গনের জায়গা ভাড়া নিয়ে ওইখানে রাখা হয়। সকালে স্কুলে টিফিনের সময়ে শিক্ষার্থীরা খাবার খেতে স্কুল প্রাঙ্গনে আসে। এসময় গাড়ির চালক গাড়িটিকে বাইরে বের করার উদ্দেশ্যে চালু করলে নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি সামনে অবস্থানরত শিক্ষিকা ও শিক্ষার্থীদের চাপা দেয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষিকা ফাতেমা নারসিনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য দুই জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও একজনকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে স্কুলের জায়গা গাড়ি পার্কিংয়ের কাজে ভাড়া দেওয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। বিক্ষুব্ধ লোকজনের ভয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক পালিয়ে গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালককে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ এসে উত্তেজিত জনগশান্ত করেন।
শিবালয় থানার ওসি মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার জন্য দায়ী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সানবিডি/এনজে