
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত আগ্রাসনের মধ্যে ন্যাটো যেরকম ঐক্যবদ্ধ হয়েছে তা আগে কখনোই ছিল না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
ভাষণে বাইডেন বলেন, তিনি শুধু ইউক্রেন ইস্যুতে চলমান পদক্ষেপ বহাল রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ নন। বরং এরপর আরও পদক্ষেপ বাড়াতে চান তিনি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে এক ভাষণে এসব কথা বলেন তিনি।
ব্রাসেলসে দেওয়া ভাষণে ইউক্রেনে আরও ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে যুদ্ধে আক্রান্ত ইউক্রেনীয় নাগরিকদের জন্য ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেন তিনি।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার বিষয়ে বাইডেন বলেন, মস্কোকে কোনও অঞ্চল ছেড়ে দেবে কিনা তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে কিয়েভ। মস্কো যদি ইউক্রেনে জৈব অস্ত্র ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র জবাব দেবে।
রাশিয়াকে জি২০ জোট থেকে বাদ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জি২০ বৈঠকে ইউক্রেনকে অংশ নিতে দেওয়া উচিত।