ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো জ্বালানি চাহিদা পূরণে রাশিয়ান গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু পুতিন ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউসহ পশ্চিমা দেশগুলো। দেশটি থেকে প্রাকৃতিক গ্যাস আমদানিনির্ভরতা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। চাহিদা মেটাতে বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধু দেশকে বেছে নিয়েছে অঞ্চলটি।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইইউ সম্প্রতি নিজেদের মধ্যে একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছে। মূলত রুশ জ্বালানির ওপর ইউরোপের নির্ভরতা কমাতে এ চুক্তির ঘোষণা দেয়া হয়।
এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউরোপের বাজারে অতিরিক্ত গ্যাস সরবরাহ করবে। চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া ইউরোপে যে পরিমাণ গ্যাস ইউরোপে সরবরাহ করে, তার প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক ব্লকটি এরই মধ্যে জানিয়েছে, এটি রাশিয়ান গ্যাসের ব্যবহার কমিয়ে আনবে।
বর্তমানে ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস রাশিয়া সরবরাহ করে। গত বছর যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ ইউরোপে ২ হাজার ২০০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছিল। নতুন চুক্তিতে এসব দেশ ইউরোপে অতিরিক্ত আরো ১ হাজার ৫০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করবে। সে হিসাবে এসব দেশ যে পরিমাণ গ্যাস সরবরাহ করবে তা রুশ সরবরাহের ২৪ শতাংশ।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মিত্র দেশগুলো প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নে পাঁচ হাজার কোটি ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে আনার মানে অনেক বেশি পরিমাণে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা। এর পাশাপাশি জ্বালানি সক্ষমতার উন্নয়ন ও আমদানি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করা।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনদিনের সফরে বেলজিয়াম গেলে দেশটির রাজধানী ব্রাসেলসে এ চুক্তির ঘোষণা দেয়া হয়। বাইডেন ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসালা ভন ডের লিয়েন এ সময় ইউক্রেনে রুশ আগ্রাসনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তারা কিয়েভে সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, আমি জানি, রাশিয়ান গ্যাস আমদানি বন্ধ করে দিলে তার ভয়াবহ দাম দিতে হবে ইউরোপকে। তবে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়া এখন শুধু নৈতিক দিক থেকেই নয়, বরং কূটনৈতিক দিক থেকেও সঠিক সিদ্ধান্ত হবে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লিয়েন বলেন, আমরা গ্যাস সরবরাহে বৈচিত্র্য আনতে চাই। এক্ষেত্রে রাশিয়ার বিকল্প হিসেবে বন্ধু ও নির্ভরযোগ্য দেশগুলোর প্রতি আমরা আস্থা রাখছি।
সানবিডি/এনজে