দখলদার ইসরায়েলের তেল আবিবে ফের বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে হামলার এ ঘটনা ঘটে।
দেশটির প্যারামেডিকসরা জানান, গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় হামলার ঘটনা।
ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যে, বেনি ব্র্যাকের পথে কালো পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই শহরটি পূর্ব ইসরায়েলের একটি বাণিজ্যিক রাজধানী।
এ ঘটনার পর হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের দাবি, ২৬ বছর বয়সী ওই হামলাকারী ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। এর আগেও কিছুদিন জেল খেটেছিলেন ওই ব্যক্তি।
তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এধরনের হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও মঙ্গলবারের হামলার নিন্দা জানিয়েছেন।
সূত্র: দ্যা গার্ডিয়ান