ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ দেশের জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সচিবালয়ের অপারেশনাল বাজেট বাড়ানোর জন্য ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার শ্রীলঙ্কায় শুরু হওয়া পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন মোদি। উল্লেখ্য, বিমসটেকের সচিবালয় ঢাকার গুলশানে অবস্থিত। খবর জিনিউজের।
সম্মেলনে ভার্চ্যুয়াল ভাষণে মোদি বলেন, বিমসটেকের সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ এটি করতে মহাসচিবকে আমি একটি রূপরেখা তৈরির পরামর্শ দিচ্ছি।
মোদি বলেন, ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলিতে আন্তর্জাতিক শৃঙ্খলার স্থিতিশীলতার ব্যাপারে প্রশ্ন জাগিয়েছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা বৃহৎ পরিসরে অগ্রাধিকারের যোগ্য হয়ে উঠেছে। আজকে আমরা আমাদের সংস্থার জন্য এটির স্থাপত্য বিকাশে বিমসটেক সনদ গ্রহণ করছি।
আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান মোদি বলেন, সময় এসেছে বঙ্গোপসাগরকে সংযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তার সেতু বানানোর।
তিনি বলেন, বিমসটেকের সকল সদস্য দেশকে নতুন উদ্যমে নিজেদেরকে নিয়োজিত করে লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানাচ্ছি। ১৯৯৭ সালে ঠিক যে ভাবে সম্মিলিতভাবে আমরা লক্ষ্য অর্জন করেছিলাম।
মোদি বলেন, স্বাস্থ্য এবং অর্থনৈতিক নিরাপত্তায় যখন আমাদের অঞ্চল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো—ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।
সানবিডি/এনজে