বর্তমানে শ্রীলংকার অন্যতম প্রধান পণ্য চা।অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে থাকা দেশটির চা রফতানি গত ২৩ বছরের সর্বনিম্নে নেমেছে। প্রধানত সার আমদানিতে নিষেধাজ্ঞা এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতকে এর পেছনে দায়ী করছেন বিশ্লেষকরা। সম্প্রতি দেশটির সরকারি এক প্রতিবেদনে এমন মন্দা পরিস্থিতির চিত্র উঠে এসেছে। খবর এএফপি।
২০২১-২২ অর্থবছরে দ্বীপরাষ্ট্রটি সব মিলিয়ে প্রায় ১৩০ কোটি ডলারের চা রফতানি করেছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর দেশটির চা রফতানি খাত এবারই প্রথম এমন মন্দা পরিস্থিতির মধ্যে পড়ল।
গত বছর শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সার আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর বিপরীতে অর্গানিক উপায়ে চাসহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে জোর দেয়া হয়। সার আমদানি বন্ধের পেছনে প্রধান কারণ ছিল বৈদেশিক মুদ্রা সঞ্চয় করার মাধ্যমে ঋণের বোঝা লাঘব করা। কিন্তু সরকারের এ সিদ্ধান্ত দেশটির জন্য ভালো ফল বয়ে আনেনি। বিশেষ করে চা খাত সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্তের বলি হয়। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চা উৎপাদন এক বছরের ব্যবধানে ১৮ শতাংশ কমে যায়।
শ্রীলংকার শুল্ক বিভাগের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটির চা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় কমে ৬ কোটি ৩৭ লাখ কেজিতে নেমেছে। গত বছরের প্রথম প্রান্তিকে রফতানির পরিমাণ ছিল ৬ কোটি ৯৮ লাখ কেজি।
সানবিডি/এনজে