
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার ভোররাতে রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের আগে বগি তিনটি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, ভোর ৪টায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এখন উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।