
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক সোহেল রানা (৩৪) নিহত হয়েছেন।
সোমবার (৯ মে) সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (৩৪) নলডাঙ্গা পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা নলডাঙ্গা ইউএনও সুখময় সরকারের সহধর্মিণী। সকালে ইউএনওর স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে সরকারি গাড়ি নিয়ে সিংড়া আসেন চালক। সিংড়া পৌঁছার আগে নিংগইন তেল পাম্প এলাকায় ইউএনওর গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিষ্ট হন আরোহী শিক্ষক সোহেল রানা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর ১টার দিকে তিনি মারা যান। পরে ঘটনাস্থলে আসেন নলডাঙ্গার ইউএনও সুখময় সরকার।
ঘটনার প্রত্যক্ষদর্শী আফজাল হোসেন, সুলায়মান ও শরিফুল ইসলাম জানান, ইউএনওর গাড়ি দ্রুতগতিতে সিংড়ার দিকে আসছিল। নিংগইন পৌঁছালে মোটরসাইকেলে ধাক্কা দিলে ইউএনওর গাড়ির চাকায় পিষ্ট হন সোহেল রানা। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কলেজে যান ইউএনওর সহধর্মিণী মানসী দত্ত মৌমিতা। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ি দুটি উদ্ধার করে।
উল্লেখ্য, সোহেল রানা বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিংড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন।