একদিন বন্ধ থাকার পর দি ফের পুরনো এলসির বিপরীতে টেন্ডার হওয়া অবশিষ্ট গম রফতানির অনুমতি দিয়েছে ভারতীয় কাস্টমস। এর পরই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে দেশে গম আমদানি শুরু হয়েছে। তবে ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানি করা হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি ভারতীয় কাস্টমস।
ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদনের পর বুধবার দুপুর ১২টার পর বন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত গমবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১০ ট্রাক গম আমদানি হয়।
এর আগে গত শনিবার গম রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। এ সময় পুরনো এলসির বিপরীতে গম রফতানি করা হবে বলে জানায় ভারত। তবে মঙ্গলবার পুরনো এলসির বিপরীতেও গম রফতানি বন্ধ করে দেয় ভারত। ফলে ওইদিন সকাল থেকেই বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল। তবে বিকালের দিকে আগের কনসাইনমেন্টের অবশিষ্ট এক ট্রাক গম বন্দরে প্রবেশ করেছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, ভারতে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে গম রফতানি বন্ধ করে দেয়া হয়। এতে করে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ১২ মে পর্যন্ত এলসি হওয়া গম রফতানির আশ্বাসসহ আগের এলসির বিপরীতে টেন্ডারকৃত গম রফতানি শুরু করে ভারত। এর ফলে আধাবেলা বন্ধের পর ওইদিন বিকাল থেকে বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়।
সানবিডি/এনজে