
রাষ্ট্রীয় পেট্রলিয়াম জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এবং মেঘনা পেট্রলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব মো. লাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমানকে মেঘনা পেট্রলিয়াম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মেঘনা পেট্রলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবু সালেহ ইকবালকে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ আদেশ জারি করা হয়েছে বলে বিপিসির অফিস আদেশে বলা হয়।
মো. আবু সালেহ ইকবাল এর আগে পদ্মা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক ছিলেন। চলতি বছরের ২৩ জানুয়ারি তাকে মেঘনা পেট্রলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়। ২৪ জানুয়ারি তিনি মেঘনা পেট্রলিয়ামে যোগ দেন।
অন্যদিকে মো. মাসুদুর রহমানও আগে মেঘনা পেট্রলিয়ামের মহাব্যবস্থাপক ছিলেন। পরে তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়। পদ্মা অয়েল কোম্পানিতে যোগদানের আগে তিনি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরে ২০১৭ সালের ২০ মার্চ তাকে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
এএ