২০১৮ সালে খুলনার বয়রা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদ তানভীর রাজিন হত্যায় আদালত ১৭ আসামিকে প্রত্যেককে ৭ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত ১৮ বছরের কম বয়সী সাজাপ্রাপ্তদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ. সালাম খান এ রায় দেন। এ সময় অভিযুক্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
অভিযুক্তরা কলেজের বহিরাগত ও কিশোর গ্যাংয়ের সদস্য।
এ বিষয়ে আদালতে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ জানুয়ারি রাত ৯টার দিকে নগরীর বয়রা পাবলিক কলেজ ক্যাম্পাসে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র ফাহমিদ তানভীর রাজিনের সঙ্গে অভিযুক্ত শেখ তামিমের সাথে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে তাঁকে অনুষ্ঠানের মঞ্চের পেছনে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের বহিরাগত কিশোররা ঘেরাও করে। তাঁকে সকলে মিলে এলোপাথারি কিল ঘুষি লাথিসহ ধারালো ছুরিকাঘাতে গুরুতর জখম করে ফেলে যায়। উপস্থিত লোকজন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজিনের পিতা জাহাঙ্গীর হোসেন নগরীর খালিশপুর থানায় ছয়জনের নামাল্লেখসহ আরো ১০ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছর ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মিজানুর রহমান মামলার তদন্ত করে ১৭ জন কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিভিন্ন কার্যদিবসে মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষ্য গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কাজী সাব্বির আহম্মেদ ও বিশেষ পিপি ফরিদ আহমেদ।
সানবিডি/এনজে